আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভোজ্যতেল, চিনি, ছোলা ও ডালসহ নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে সরকার। আজ এক বৈঠক শেষে বাণিজ্য সচিব জানান, জেলা ও উপজেলা পর্যায়ে এই টাস্কফোর্স নিয়মিত বাজার মনিটরিং করবে।
তিনি আরও জানান, কোনো ব্যবসায়ী যদি কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির পরিধিও বাড়ানো হচ্ছে যাতে নিম্ন আয়ের মানুষ স্বস্তিতে থাকতে পারে। আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের সাথে সমন্বয় করে পণ্যের সরবরাহ নিশ্চিত করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।