নিজস্ব প্রতিবেদক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন আহত হয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বানিয়ানীরচর পশ্চিমপাড়া এলাকায় গত ৫ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন,ব্যবসায়ী মো. এরশাদ হোসেনের নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে, তাঁর স্ত্রী খোদেজা বেগম ও মা রাহেলা বেগম।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন,মো. বাবলু মিয়া (৪৯), তাঁর ছেলে মো. আবু সালেক (১৮), মো. সাহেব মিয়া (৬৫), মো. মনোয়ার হোসেন (২৫) ও মোছা. বিনা আক্তার (৪৫)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
এরশাদ হোসেন অভিযোগ করেন, ঘটনার সময় তিনি দেওয়ানগঞ্জ বাজারে ছিলেন। এ সুযোগে মো. আবু সালেক তাঁর বাড়ির উঠানে গিয়ে তাঁর ছেলেকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং বাম চোখের পাশে গুরুতর জখম হয়।
ছেলেকে রক্ষা করতে গেলে তাঁর স্ত্রী খোদেজা বেগম ও মা রাহেলা বেগম এগিয়ে এলে মো. মনোয়ার হোসেন ও মোছা. বিনা আক্তার লাঠি ও লোহার সাবল দিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে সব অভিযুক্ত মিলে বসতঘরের টিনের বেড়া, জানালা ও সীমানা ঘেরাও ভাঙচুর করে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার সাক্ষীরা হলেন,মো. সাকিবুল হাসান সানি (১৪), মোছা. খোদেজা বেগম (৩৫), মোছা. রাহেলা বেগম (৬৫), মো. সিয়াম (২৫) ও মোছা. সেলিনা বেগম (৪০)সহ আরও কয়েকজন বলেন ঘটনা সম্পূর্ণ সত্য।
ঘটনার পর আহতদের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।