মুরাদনগরে কিশোরীকে অপহরণের চেষ্টা, বাধাঁ দেয়ায় মামাকে মারধর
বাংলাদেশ

মুরাদনগরে কিশোরীকে অপহরণের চেষ্টা, বাধাঁ দেয়ায় মামাকে মারধর

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় এলাকায় এক কিশোরীকে অপহরণের চেষ্টাকালে বাঁধা দেয়ায় তার মামাকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে।


হাফেজ নজরুল : কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় এলাকায় এক কিশোরীকে অপহরণের চেষ্টাকালে বাঁধা দেয়ায় তার মামাকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। 

এই ঘটনায় বুধবার রাতে মুরাদনগর থানায় ৬জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। 

মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) সকালে মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রাম থেকে এক কিশোরী তার মামাতো ভাই ও মামা সোহেল রানাকে সাথে নিয়ে নগরপাড় ইকরা মাদ্রাসায় যাওয়ার পথে কুলুবাড়ী সড়কের সামনে এলে এখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দেশীয় অস্ত্র হাতে বাখরনগর গ্রামের আলমগীর মিয়ার ছেলে কাউছার, হারুন মিয়ার ছেলে হানিফ, শুক্কু মিয়ার ছেলে দেলোয়ারসহ ৮/১০ জন যুবক ওই তাদের গতিরোধ করে কিশোরীকে টেনে হেচড়ে তুলে অপহরণের চেষ্টা করে।

এসময় সাথে থাকা কিশোরীর মামা সোহেল রানা বাঁধা দেয় এবং প্রতিবাদ করে। একপর্যায়ে সন্ত্রাসীদের প্রতিহত করার চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়ে সোহেল রানাকে বেধরক মারধর করে তাকে গুরুতর আহত করে। এসময় তাদের শোর-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত সোহেল রানাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ঘটনায় আহত রানার পিতা আবদুর রাজ্জাক বাদী হয়ে বুধবার রাতে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। 

মামলার বাদী রাজ্জাক জানান, বাখরনগর গ্রামের সন্ত্রাসী কাউছার অনেকদিন ধরে আমার নাতনীকে  স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছে। ২মাস আগে সে আমার নাতনীকে অপহরণ করে নিয়ে গেলে থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করি। সে আবারও একই কাজ করতে চেষ্টা করেছে। আমি তার কঠিন বিচার দাবী করছি। 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। 

এই সংবাদটি শেয়ার করুন: